যেভাবে কবিতা ধ্যানে ভুলে যাই সব পরিচয়
সেভাবে সাঁতরে কবি , রাধার বিরহযানে
শুধুই মগ্ন স্নানে হ্লাদিনী হৃদয় ।
যেভাবে বাতাস আসে সমূহ ঝড়ের ফাঁকে
পরাগ মিলন দানে তিলে’র ফুলের কাছে ,
সেভাবেই এলোসুখে ঝরো মিহি , মায়াচাকে ।
স্রোতের ভিড়ের মাঝে নিজেকে হারানো শোকে
যেভাবে নদীর সাথে তন্বী তীরের টান ,
সেভাবেই ভরো প্রাণ — বিছানো বুকের বোকে !
যেভাবে বাড়ালে হাত , চাঁদ নেমে চালতায় চড়ুইয়ের হাসি
মেঘ চোখ তুললেই বৃষ্টির সমুদ্র স্নান ,
সেভাবে বেঁধালে ঠোঁট — চুমু’র তূণীরে বানভাসি !
যেভাবে ম্যাজিক কবিতা ভাবো — ভাবনার সেই রসায়ন
জাপ্টে মনের সিঁড়ি জানার জন্যে নামি ,
নাজুক শরীরে দেখি — তুমিই কবিতা কবি
তোমারই প্রতিভা পাটে সামরিক দক্ষিণে স্বপ্নিল উত্তরায়ণ !
