এখনই একটা প্রদীপ জ্বলে উঠলো
এখনই একটা প্রদীপ নিভে গেল
এখনই একটা মুহূর্তের জন্ম হলো
এখনই একটা মুহূর্তের মৃত্যু হলো
এখনই একদল শিশুরা সমুদ্রে ঝাঁপ দিল
এখনই একদল জনতা পরিত্রাণের আশায় মুক্তি পেল
এখনই একদল জাগতিক ভ্রমর পুষ্প ঘ্রাণের সন্ধান পেল
এখনই তারাদের দেশে কেউ কেউ আলো হারানোর ভয় পেল
এখনই নিমজ্জিত সুরের কাছে ঢেউগুলো ডুবে গেল
এখনই তোমার আমার বিভীষিকার তুফান তলিয়ে গেল
এখনই বিক্ষিপ্ত জনরাশির আতশবাজি নিভে গেল
এখনই ইতিহাসের প্রেক্ষাপটের সেই ধ্বংসলীলার মৃত্যু হল
এখনই তোমার আমার সেই কল্পনার বিকল্প পথের আবিষ্কার হলো
এখনই পথের শেষে পথের শুরু হলো
এখনই শুরুর মুখে অনেক কিছুরই শেষ হলো
এখনই মুক্তির আলোর ‘পরে দাঁড়িয়ে আছে বিশুদ্ধতার নিশান
এখনই বলবার সময় এসেছে, বিশ্ব সমাজে যা কিছু আছে সবই মহান
মহান গতির মহান ধারায় এই বিশ্ব সভায়, তুমি আমি সমান সমান।
