“আজব দেশে মজার মানুষ
ওড়াই শুধু মিথ্যে ফানুস।
আপন স্বজন মারামারি
আমি তুমি’র কাড়াকাড়ি।
চোখ পাকিয়ে ধমকায় বেশি
চিতপটাং হয় খেয়ে দেশি।
বুজরুকি আর মেকি চালে
জীবন কাটায় দুলকি তালে।
ঘাড়ের পরে ঋণের বোঝা
আদায় করবে মালিক সোজা।
সময় থাকতে সামলে চলো
কিস্তি তোমায় দিতে হলো।
লোভ লালসায় ভরা চিত্ত
কুপথে তাই জমায় বিত্ত।
শয়তানের ফাঁদ কেঁদে মরে
অর্থ বিনাশ ফেরে ঘরে।
তবু আক্কেল হয় না দেখি
আস্ফালনে চোটপাট সে কি!
আমার তোমার কথার ফাঁকে
ডুবে মরল কাদা পাঁকে।
