জীবন মরণ রবে পৃথিবীর বুকে
অকারণে ভীত কেন বিধিলিপি মানো,
তোমার কর্তব্য করো থাকো চির সুখে
আরাধনা জপে তপে মুক্তি পাবে জানো।
গরিবের সেবা করো দীনে বুকে টানো
কামনা বাসনা তব পরাজিত করো,
রিপুকে পরাস্ত রাখো ধর্ম অস্ত্র হানো
মানবতা মনুষ্যত্ব চরিত্রতে ভরো।
রীতিনীতি মেনে তুমি স্বর্গ নিজে গড়ো
সম্প্রীতিতে বাঁধা রবে ভালোবাসা জোরে,
মমতার মায়াটানে প্রেম প্রীতি ধরো
ভ্রাতৃত্বের সম্পর্কের জোর বাঁধো ডোরে।
ধর্মপথে কর্ম করো সত্যপথে চলো
কটুকথা ত্যাগ করে মধুকথা বলো।
