উদাসীনতার পলি জমে জমে অনুরাগের নদীও
নাব্যতা হারিয়ে শুকনো স্মৃতির গহ্বর হতে পারে ।
যদিও অনুরাগের ছায়াটান কই -এর প্রাণের শ্বাসে
সরগম সেধে সেধে স্রোতের গান শোনার জন্য
শেষতক আমাদের অপেক্ষায় থাকে ।
প্রখর রাগী রৌদ্রের কড়ি’তে
কোমল ছায়ার রাগিনী আছে বলেই ,
তুঘলকি জীবনের খামখেয়ালী অস্থির জিন সামলে
বেসুরো সম্পর্কেও শান্ত সুরের ছন্দ ফিরে আসে ।
অতীতের দরদী দৃশ্য যেমন উজিয়ে এসে
বর্তমান সময় শরীরের ক্ষত শুশ্রুষা করে ,
তেমনি বহুরঙা অনুভবের অসঙ্গতি শুষে
আর আমাদের হারানো উত্তাপ জমিয়ে
কাজল চাঁদের বরণ মঙ্গল ছায়ারাও
অগোছালো যাপনের ভাঁজে
পরম পাথেয় ঘ্রাণে টানটান পরিপাটি আনে ।
বহুরূপী জন্মের ক্যানভাসে চলতে চলতে…
আমাদের মুখ ও মুখের রঙও বদলে যায় ।
জন্মমুখের নিস্পাপ ছায়ারঙ আমাদের আমৃত্যু
একক মানুষরঙে থিতু রাখার শুভ চেষ্টা করে চলে ।
এই যে অযুত অশরীরী জীবন -ছায়ার টনটন মায়া-ঋণ
প্রকৃষ্ট মানুষের হীরক- হৃদয় ছাড়া কীভাবে মেটাবো ?
