অমাবস্যা আঁধার ভাঙে, দিগন্ত বহু দূর,
ভোরের শুভ্র গঙ্গার জলে, ভাসে মন্ত্রের সুর।
তপস্যায় আগমন, দেবী অস্ত্র হাতে,
অধর্মের বিনাশ হল, স্নিগ্ধ প্রভাতে ।
ঋষির আহ্বান ধ্বনি, ছড়ায় ত্রিভুবনে ,
অশুভ শক্তি ভস্ম হয়, দিবানিশির সন্ধিক্ষণে ।
কাশফুলে ভেসে আসে আগমনীর গান,
মহালয়ার প্রভাতে জাগে নতুন সভ্য-প্রাণ।
পিতৃপুরুষ স্মরণ করি অশ্রুভরা চোখে ,
হারিয়ে গেছেন যাঁরা সুদূর অনন্তলোকে ।
তাদের আশীষ যেন মেলে, জীবনের শোকে।
চণ্ডীপাঠে ধ্বনিত হয় মুক্তির আহ্বান,
অশান্ত মন খুঁজে পায় শান্তির সন্ধান ।
শরতের হাওয়ায় বাজে ঢাকের ধ্বনি,
মহালয়া তাই শুধু উৎসব নয়,
অসুর দমনে আসে মানবতার জয়।
অশ্বিনের টুকরো মেঘ, নীলাকাশে তরী বায় ,
ভক্তির প্রদীপ জ্বলে হৃদয়ের আঙিনায় ।
