কোথাও শূন্য নই , সবখানে বাতাসের মতো
ভরে আছো অপাঙ্গে চলমান মন ,
আমি কী হারাতে পারি শিশু যৌবন !
পেয়েছি প্রতীতি ধন , যক্ষেরও নেই সঙ্গত ।
যখনই বিষন্ন বিষাদ পোঁতে বীজ এক ঢোক
বুকের মাটিতে মূল চালানোর আগে
আনন্দ ডুবুরী বেশে কাটো বেগ ভাগে ,
তোমার মনের মীড়ে আমার মাচান থোক থোক ।
যখন যেখানে যাই –ছায়া নয় , মেঘে মায়াভরা
বৃষ্টির দৃষ্টিতে মৃগনাভি স্নানে
( ছায়াও সম্মোহিত রাত্রির গানে )
শুধু তোমার অবগাহনে জাত জরাও অধরা ।
