কেবলই কবিতার দিক বদলে যায় ।
জীবন সাগর থেকে এক ঢেউ নুন আনতে গিয়ে
হাজারো শব্দের পান্তা ফুরোনোর সেই একই গল্প
এক প্রস্থ প্রেমের চিনচিনে চঞ্চু চুম্বন পেতে চায় ।
যুদ্ধের কবর -খোঁড়া ঘামের প্রশান্ত শোকের সুবাস
শান্তির কোমল শ্বাসের চারপাশে শুধু ঘুরপাক খায় ।
প্রকৃতির পাখার বাতাস ধরা দুঃসাধ্য জেনেও
সভ্যতার বাড়ানো দীর্ঘ হাতে
বারবার অহংকার পোড়া অহং কঙ্কাল !
শিক্ষার অক্ষর পাতায় বোনা
সময়ের শিশির বৃষ্টির শীতলপাটি
খোঁজ করতে করতেই
দিকভ্রান্ত চরকি কবিতার পরিবর্তে
শুরু করি আর এক ভিন্ন চরকায় অভিন্ন কবিতার পাক ।
