আষ্টেপৃষ্ঠে জড়িয়ে জীবন নাছোড় চিতার মাতন
বাঁচার ইচ্ছে এমনি আমার , যাপন জোঁকের বাঁধন !
শ্বাস ঝরে যায় অপব্যয়ে , হচ্ছি জমা কই ?
কই- এর প্রাণে টিকেই থাকা ? কোথায় গেলে ,থই ?
রক্ত ঝরে মনের ভিতর । ত্বকের উপর তাক
ছায়াবিহীন কষ্ট আমার রৌদ্রে ঢাকা থাক ।
আগুন পোড়ায় । আগুন জুড়ায় । ন’হন্যতে স্মৃতি
অলস জ্যা-এর দুঃখ আমার , টঙ্কারে জ্যামিতি !
ব্যর্থ সময় খাচ্ছে আয়ু , এমনও নয় মোটে
পৌনঃপুনিক সফল সময় শিলাইদহের বোটে ।
নিবিড় নীলে বিষাদ ব্যথায় ফুটছি অকাতরে
প্রকাশ্যে হাঁস চরছে আমার আনন্দ বন্দরে ।
