চলে যাবো বললেই কি চলে যাওয়ার হয়!
তুমিই বল চলে যাওয়া কি এতোই সহজ?
চলে গেলে তোমার ভিতরে অন্তর মহলে আরো বেশি করে ঢুকে পড়বো।
বলছিলে চায়ের কাপে চিনি কম মতো, আমাদের কথা বলা এবার কম হোক।
সে কথা শুনে ধোঁয়া ওঠা কাপে কথারা আকাশে উড়ে গেল।
তাই তো মেঘে মেঘে বৃষ্টি নামে,
জানি বৃষ্টি ফোঁটায় তুমি আর আবেগময় হও না!
সেই আবেগ রেখেছো কৌট ভরে,
বহু যতনে মেঘ বালিকার তরে!
তাই তো চোখের নোনা জল তোমার আঙুল স্পর্শে মুক্ত মালা সাজে না।
তুমি তো জানতে, খুব ছোট ছোট জিনিসে ছিল আমাদের ভালো থাকা।
আজ আমাদের কথারা গেছে হারিয়ে ,
হারিয়ে গেছে ছেলে মানুষী পাগলামি,
ঢেউ এর পিঠে ঢেউ চেপে গভীর সমুদ্র মন্থনে অমৃত সুধা পান হারিয়ে গেছে অতলে!
ভালোবাসা বুকে নিয়ে আমি গাছ হয়ে দাঁড়িয়ে আছি, তোমাকে ভালো রাখার অনন্ত পাহাড়ায়।
যদি আসে প্রবল ঝড় ঝঞ্ঝা, ভেঙে গুড়িয়ে পড়ি মায়ের কোলে-
তখন নিয়ো গো খোঁজ, প্রাণ খুলে কথা বলো, দু ফোঁটা অশ্রুজলে দিও উপহার কথার মালা গেঁথে!!
