বুলেটিন পেতে পেতে দৈনিক দমে
কুহু রোমাঞ্চ কি কমে আসে ক্রমে ?
যত জানি তত বাড়ে বাসি বিস্ময় !
সময়ের শরে ঝরে তাজা সঞ্চয় ?
মনের প্রেক্ষাগৃহ পূর্ণ হয় নাকি ?
জানার উপান্তে কুলু থেকে যায় বাকি ।
কুলু মানে পুরো নদী শুধু খরস্রোতা ?
ধূ ধূ – বুক- ডুব জল মিলে মুগ্ধতা ।
চকচকে ত্বক গলে কুটকুটে হাড়
দেখলেই ক্ষয়ে যাবে দৃষ্টির ধার ?
প্রশ্নেরা প্রেম নয় , উড়ানে গড়ান
কঙ্কালে তিল-প্রীতি প্রেমের প্রমাণ ।
অগোছালো অ-সুখের সবটুকু স্বাদ
চেটে পুটে পাই যেন জীবন প্রসাদ ।
