আমার প্রাণের ছোট্ট কুঁড়ি পাঠালাম তোমাদের আঙিনায়,
যত্ন করো তাকে,
সুবাস দিও,
করজোড়ে নিবেদন করি তোমাদের,
বুঝিও তাকে শত্রু লুকিয়ে আছে বন্ধুত্বের আভরণে,
বলো তাকে অকৃতকার্যতা শ্রেয় নকলের চেয়ে,
বুঝিও তাকে হেরে যাবার মধ্যে লুকিয়ে আছে জয়ের ভিত্তি প্রস্তর,
সে যেন জানতে পারে একটাকা উপার্জন অনেক শ্রেয় লক্ষ টাকা দেখার থেকে,
ব্যর্থতায় সে যেন ভেঙে না পরে,
আবার সফলতায় যেন উচ্ছ্বসিত না হয়,
বিদ্যাশিক্ষার পাশাপাশি সে যেন প্রকৃতির সকল প্রাণীকূলের যত্নবান হয়,
অনুশীলন ও নিয়মানুবর্তিতার কঠিন সাধনায় তার যে বিকাশ হবে তা যেন কখনোই অর্থের বাজারে বিকিয়ে না যায়,
সঠিক স্থানে সঠিকভাবে যেন তার ব্যবহার করতে পারে, ঔদ্ধত্যের থেকে বিনয়ের দাম যে বেশী তাকে বুঝিয়ে দিও,
এক অভিভাবকের আবেদনে সাড়া দিও,
পরিশ্রমী করে তুলো তাকে।
