চুরি যাওয়া নদী তলের মতো
ক্রমশ নুয়ে পড়ছে সহাস্য সুখের নাব্যতা ।
এ কোন বন্ধ্যা সময় , যখন সম্পৃক্ত বাস্তু ঠোঁটে
শুকিয়ে আসছে সহজাত বাসে’র দ্রাব্যতা !
স্থলপথ , জলপথ , বায়ুপথে
খলবল বাচাল সংলাপের ঢোল বাজাতে বাজাতে
কী নির্জন ফাঁকা ফাঁকা বেঁচে চলা ভীড়ে
একা একা সারি সারি মৌন মানুষ !
নিভু নিভু অবেলার ব্যর্থ আলো বুকে
ডুব স্নানে আবারও নতুন সূর্য সৃষ্টির তীব্র ব্যগ্রতায় ।
বিভাজনের ক্লিশে শতাব্দী কৌশল পুষে
আবারও এককোষী যন্ত্রণায় নীল লজ্জা পাবে
কোয়ান্টাম সভ্যতার কৃত্রিম কবিতা ?
যতই জটিল হোক সমীকরণহীন সমস্যার সমাধান জটা
নতুন ইচ্ছের জন্ম শাঁখে ফুঁ -দেওয়া মানব নিউরন
সাধারণ জ্ঞানের গঙ্গায় আজও অজেয় ।
