এক আশ্চর্য ধূ ধূ মুগ্ধতার থৈ থৈ আলো মাখবো বলে’
আজীবন আদুরে বাদুড়ের আঁধারে রয়েছি ।
বিশুদ্ধ শূন্যতার চেয়ে বড় কোনও স্বাধীনতা নেই ।
সূর্যের অভ্যন্তরে এই বোধ বোঝে প্রোটন – বোসন…
স্বয়ং সৌরচালক মাধ্যাকর্ষণও কী নয় !
ধনুকের তির , লাটাই এর ঘুড়ি…
কে ছাড়ে আর কে টানে তাদের !
মাটির দরকার মেখে লোভের অনন্ত মালগাড়ি ।
বারবার পারিজাত পাড়ার পথে ছিন্ন হতে চাই ।
পেছনের ঠেলাওয়ালা বাসনার ছায়া বলে
— উপচে পেয়েও তুমি ইচ্ছের প্রচ্ছায়ায় আজও পরাধীন ।
অবিরাম পুতুল নাচের নির্ভরতার নাগফাঁস থেকে
মুক্ত করো , পরমা প্রকৃতি ।
আমি শুধু একবার ধূ ধূ মুগ্ধতার
থৈ থৈ আলোর মতো মুক্তি পেতে চাই ।
