যতই করুক কাল মরুমত জারি
হৈ চৈ ঢেউ এলে স্রোত হতে পারি ।
অযথা বুড়িয়ে যাবো বিকেলের ডাকে ?
গল্পেরা বড় হয় ছাঁটা নটে শাকে ।
হাড়ে সারে ডগমগে ফোটে ড্যাফোডিল
ছোঁ মেরে কতো নেবে , হে প্রাচীন চিল !
শ্রাবণ জানালা খুলে মেঘ সন্ধ্যায়
দরবারী বৃষ্টিরা কানাড়া জমায় ।
শরতের শিশু রোদ গলে’ জ্যোৎস্নায়
কোজাগরী আউশের কোলে জন্মায় ।
ফিরে আসি জীবনের জন্মের ক্ষেতে
ফসলের কৈশোর বারে বারে পেতে ।
