শীতের হাওয়ায় উঠল কেঁপে তরু রাজির বুক,
হলুদ বরণ পাতায় ভরে যায় শুকিয়ে মুখ।
এসেছে সময় এবার বোধহয় পাতা খসানোর পালা,
তাইতো আজ পাতা ঝরিয়ে রয় শুধু ডালপালা।
জীর্ণ দেহে শীর্ণ কায়ে কাটায় সারা শীতকালটা,
শুকনো ডালে বসে শকুন জানান দেয় সে বার্তা।
বসন্তকালের অধীর প্রতীক্ষায় থাকে বিভোর হয়ে,
ভরবে কবে নব কিশলয়ে উঠবে সবুজে রাঙিয়ে।
কুয়াশা মাখা হিমের রাতে ঝরা পাতা জ্বালিয়ে
আদুল গায়ে দিন দরিদ্র সেঁকে দুহাত আগুনে।
শুকনো পাতার মর্মর ধ্বনি অন্তরে মোর বাজে,
প্রকৃতির এই নিষ্ঠুর খেলা চলে সব প্রাণের মাঝে।
জনমে মরন আছে বাক্যটি খাঁটি,
অবুঝ মন মানতে নারাজ কঠিন অপ্রিয় সত্যটি।
ঝরা পাতা তুমি আমারই দলে,রেখো না পুষে মায়া,
একদিন ছেড়ে যেতে হবে চলে শূন্য অন্তর কায়া।
