গভীর , আরও গভীর নিবিড়ে নীল
নীলিমায় নয় , জন্মজিনের বিষে !
ডুবেছো ডুবুরী ? পুরো দেখে নিও তল
ঝুলে আছি ঝুম হিমশৈলের শীষে ।
শীষের জগত জেনেছে চোখের তারায়
বয়ে চলি উড়ু যুবতী নদীর ঢেউ ,
ভুরু মাস্তুলে ময়ূরপঙ্খী নেশা
তুমি ছাড়া নেশা জমাতে পারে না কেউ ।
আসলে বাহিরে ভাসা মেঘ আসে যায়
যোগাযোগ শুধু , সংযোগ ধূ ধূ খরা !
ভেতর আরও ভেতরে নাড়ির আগুন
নিভিয়ে হয়েছো হেমন্ত হরকরা ।
গোপন গহীনে অসুখের কঙ্কাল
টানটান প্রাণে হাড়ের দৃশ্যে পাল
টেনেছো বলেই অসুন্দরের বীজে
অসময়ে আমি শিরিন বতর কাল ।
ভালোবাসা নয় শরীরী ত্রিকোণগীতি
মজ্জার মূল নির্জন শোকে খাঁ খাঁ ,
শোক সিঁড়ি বেয়ে পেয়েছো মনের পিঁড়ি
চলো চুম্বনে , জোনাকি জোয়ারে রাকা !
