তোমার সঙ্গে কথা বলতে চাওয়া,
আমার এক গভীর অসুখ,
জানি সারবে না কোনো ওষুধে।
উড়ুক্কু মেঘে কথা উড়ে যায়
নিঃশ্চুপ ওই চিলেকোঠা ঘরটিতে।
একনাগাড়ে জল ঝরে,মেঘ ডাকে,
বৃষ্টির শব্দে কবিরা পদ্য লেখে।
চিলেকোঠা ঘরে শুধু মেঘ জমছে,
কথা বলতে না পারার অসুখে।
কথায় কি এমন জাদু আছে?
কথা তোমায় বলতেই হবে!
সব কথা যে সবার জন্য নয়,
কথাগুলো পারলে সঞ্চয় করো!
জমছে কথা বুকের বাম দিকে!
চিলেকোঠায় খিল দিলে বুঝি,
কথাগুলো সব গাছের ডালে-
সবুজ পাতায় বসে থাকবে?
চিলেকোঠা ঘরে মেঘ ছুঁয়ে গেছে,
মন ভাসিয়ে রঙিন কথার দরবারি।
তোমার সঙ্গে কথা বলা,
জানি আমার বড় অসুখ!
তবুও আশায় বুক বাঁধি,অন্তরঙ্গ এক সুখ!
