চল আজ একলা হই,
নিয়ম নীতি, বাঁধন ছেড়ে দিই এক ছুট,
যাই ফিরে সেই ছোট্ট বেলায়।
শীতের হিমেল হাওয়ায় ঢকঢক করে খাই খেজুরের রস,
রোদ পোহাতে দিই ছুট মাঠে।
কপিগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে মাতি খেলায়।
দুপুর রোদ গায়ে মেখে দিই ডুব।
ভেসে উঠি আরেক পাড়ে।
হালকা হাওয়ার মত থাক মন।
সব জটিলতা সংকীর্ণতাকে দিই এক ফুঁ।
কিতকিতের আউটে চিৎকার করি গলা ফাটিয়ে।
অনেক দিন হল
ফেলে এসেছি ছোট বেলা।
চল এক ছুট্টে ধরি তাকে।
