আলেয়া এবং সোনার হরিণ
মরীচিকা লিখি , সেও তো প্রাচীন
যুগের যজ্ঞে আধুনিক আর উপমা কিছু কী এলো ?
একই মানে যার পিছনে পিছলে
মুগ্ধ এবং দগ্ধ মিশলে
খোয়াবনামার মুকুল মুকুরে মন ফোটে এলোমেলো !
একবার মিলি ব্রজের মধুরে
আর বার ধিকি মাথুর বিধুরে
কে দেবে এমন দরাজ দুহাতে প্রশ্বাসে পরিষেবা ?
হতাশের চোখে স্বপ্ন দেখানো
তস্কর মনে বিষাদ জাগানো
দ্বৈত দৃশ্যে জীবনের বোধে জোনাকির জ্বলা-নেভা ?
আয়ুপথ শুধু রূপকথা নয়
আঁকাবাঁকা আশা ভঙ্গেরও ভয়
বিষাদের শোক ভরপুর শুষে হজমের নাম-ই জয়
এসব শেখালো আলেয়া- হরিণ- মরীচিকা জলাশয় …
