বেশ তো ঘৃণা যখন চাইছো,
তবে এই মন মন্দির রিক্ত হোক,
বিরহের বাঁশির সুর,
বাজতে থাকুক হৃদয়ের ঘরে।
সাতরঙা আবীরের রঙ
ছড়িয়ে ছিটিয়ে পড়ুক যত্রতত্র,
ভালোবাসারই আঘাতে!
যে জন অধিক ভালোবাসে,
সেই তো পারে অধিক ঘৃণা করতে!
তবে তুমি কেন পারছো না?
ভালোবেসে তো কম কষ্ট পাও নি!
কতো রাত চোখের জলে বালিশ ভিজিয়েছো,
আবেগী অশ্রু কেউ তো দেয় নি মুছিয়ে!
যা কিছু আয়ত্তের বাইরে গেছে চলে,
তা কি আর সহজেই পাবে ফিরে,
এই মন চায় না আর নতুন করে, কিছু বোঝাতে,
কতো টা বিশ্বাস অর্জন করলে, মন প্রাণ ঢেলে নিজেকে,
নিবেদন করা যায় অনায়াসে।
যা কিছু অতিরিক্ত তাই হয় কষ্টের কারণ,
এই চরম সত্য টা জেনেও,
তুমি পিপিলিকার মতো,
আলোর দিকে ছুটে গেছো!
পুড়বে ও পুড়াবে বলেই!
আজ সেই পবিত্র ভালোবাসা, ঘৃণা চাইছে বারে বারে।
হে ঈশ্বর এই ভাঙাচোরা বুকে প্রচন্ড এক কাল বৈশাখী ঝড় আসুক!
সমুদ্র হৃদয় তোলপাড় হয়ে যাক,
ভালোবাসার রোদ বৃষ্টি নামুক আকাশ জুড়ে।।
