কীভাবে লিখবে কবিতা আমাকে নিয়ে
ভেবে রাত্রির কেড়েছো ভোরের ঘুম ,
তোমার আগুন পোড়েনি রাধিকা ঘিয়ে
তবু নূপুরের ছায়া ঘোরে রুমঝুম ।
এতো কাছাকাছি , কিছু কী লাগেনি দাগ !
দাগ খুঁড়ে খুঁড়ে খোঁজোনি কী অন্দর !
চিলতে প্রীতিতে বাজেনি পূবালী রাগ
স্মৃতি ছেড়ে গেছে হৃদয়ের বন্দর ?
অবচেতনের সিন্দুকে পাতো কান
ফিসফিস শোনো স্বগত’র সংলাপ ,
তুমিই জানো না সাজিয়েছো বিহু গান
শুদ্ধ ঝাঁপিতে ঝাঁপতালে কাঁচা পাপ ।
কাঁচা পাপ বড় মায়াময় , পিছু টানে
টানে টান দিলে টন টন ভুলো মন ,
মনের ভিতর মন ভেসে যায় বানে
ডুব দিলে স্রোতে কবিতার স্পন্দন ।
