দিগন্তের বিস্তার আর বৈকাল হ্রদের গভীরতায়
শুধুমাত্র একটা কবিতার স্বপ্ন জলে ডুবে যাই রোজ ।
তুলে আনি সেজও নয় , ন’ নদীর দু’এক খাবলা নুড়ির জীবন ।
নুড়ি জন্মের ইতিহাস খুঁজতে খুঁজতেই তালু শুকিয়ে কাঠ ।
কাঠের কঙ্কালে এসে বসে এক কাঠঠোকরার ঠোঁট ।
আমি রোম রোম তৃষ্ণায় সর্পকে রজ্জু ভেবে
তরতর নেমে পড়ি মানসীর চুম্বক ঠোঁটের চেরীর বাগানে ।
উপমার ভারে হুড়মুড় ভেঙে পড়ে পৃথিবীর সহস্র মানসীর ঘুম ।
শুধু ঘুম সারাইয়ের কাজে ব্যস্ত হই ঘুম ঘুম আমি ।
আমার নড়বড়ে স্বপ্ন নোঙর থেকে
প্রতিবার পিছলে যায় ঈপ্সিত কবিতার মহা মাস্তুল ।
