বিষণ্ণ দুপুরে অলস রোদের ছায়ে
গুটি গুটি পায়ে মরা স্মৃতিরা জেগে উঠে,
অস্তমিত আলোয় ভিড় করে বসে
চিলেকোঠার কার্নিশে।
ক্ষয়িষ্ণু কমলা রোদের অনুজ্বল আভায়
ধীরে ধীরে ভেসে ওঠে
হঠাৎ কিছু চেনা অচেনা মুখ,
কখনো তোমার,কখনো বা অন্য কারোর।
কৈশোর প্রেমের সুগন্ধ ছড়ানো প্রেমপত্র
হাওয়ায় মিলিয়ে যাওয়া।
ঘূণ পোকায় খাওয়া
জীর্ণ মলিন পাসপোর্ট ছবিখানা,
ঘরের এক কোণে অবহেলায় পরে থাকা।
ধীর স্থির গভীর কাজলা দীঘির জলে
জলকেলি ব্রীড়াবতী যুগল রাজহংসীর,
সোনালী স্বপ্নদের ধীরে ধীরে খসে পড়া
নীল অন্ধকারের অতলে ডুবে মরা।
সবুজ কচি পাতার মত বাঁচার আশ্বাসে
ডাঙ্গা খুঁজে বেড়ানো,
বিরহী চাঁদের অভিমানী প্রতিচ্ছবি।
সূর্য্যের আলোতে আবার নিজেকে মেলে ধরা,
এরই অপর নাম জীবন।
