আমার শুরুটা না হয় শূন্য থেকেই হোক ।
পিছন পানে দেখিনি, তাই , নেই গো কোন শোক ।
অতীত ভুলে এগিয়ে চলাই, এই জীবনের অংক ।
পরাজয়ের শিক্ষা নিলে, বাজে বিজয় শঙ্খ ।
সাগর জলে ভরতে পারে, একটি শিশির বিন্দু ।
মরুভূমিও প্রাণ ফিরে পায়, সাথী যখন সিন্ধু ।
নিন্দুকেরা রোধিবে পথ, সেই পথ যদি হয় সৎ ।
তবু কালো ধোঁয়ার বক্ষ চিরে, ছুটবে আমার রথ ।
এখন না হয় জীবন চলুক তোমার অবজ্ঞায় ।
ভিক্ষা আমি চাইবো না গো তোমার দরজায় ।
প্রথম প্রথম সফলতা, না যদি বা আসে ,
দিচ্ছি কথা, পড়বে না টান, আত্মবিশ্বাসে ।
সব হারিয়ে মাঝ দরিয়ায়, যদি শূন্যে ফিরে আসি ,
আবার আমি লড়তে রাজি, আমি বিপ্লবে বিশ্বাসী ।
