প্রথম দেখা পূর্ণ পুরাণ বাঁকে
আঁতুর থেকে কিছুই তো জমছে না ,
ঘাড় ঘুরিয়ে বৃষ্টি এলো যেই
হঠাৎ হলে একশো জন্ম চেনা !
কখন এবং কেমন করে হয়
অজান কথা হারিয়ে ছিলো রাতে ,
জানতে না জুঁই তোমার কাছেই আছে
গন্ধ পেলাম দু’জনে একসাথে ।
বাহুল্য চোখ চিনতে তেপান্তর
মন পিষে যায় তোষক এবং লেপে ,
মনের ভিতর মন না পেলে জীবন
কেমন করে ভাসবে উজান মেপে !
এক্ষুনি তো ঘুমিয়ে যেতে পারি
মধ্যমেধা বাঁধন দ্বীপান্তর ,
বাঁধভাঙ্গা স্রোত জাগিয়ে রাখছো কূলে
আনন্দহীন বৃত্ত অবান্তর !
