নিঃস্তব্ধ নিঃঝুম রাত, হঠাৎ ঘটে যাওয়া
প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড চারিদিক,
আতঙ্কে দিশেহারা শিশুর কান্নাটাও বন্ধ
আজ আর যায়না শোনা ।
পরিস্থিতির বিহ্বলতায় সব স্তব্ধ এখন,
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সবাই,
ভয়ে আতঙ্কে নিজের সাথে নিজের মানসিক লড়াই ,
কেউ পায়না খুঁজে আশু কর্তব্যের সন্ধান।
কৃষ্ণ পক্ষের ঘন ঘোর আঁধার রাতে
আকাশের রঙ কয়েক পোঁচ ভুসিমাখা,
কালো কালির আল্পনায় রঞ্জিত রাত
আশেপাশে যায়না কিছুই দেখা।
চারিদিকে শুধু জল আর জল,সমুদ্র যেন,
সব প্রান্তর মিলে মিশে একাকার ,
থমথমে পরিবেশে
মনে হয় যেন পৃথিবীরই এক বিচ্ছিন্ন দ্বীপে বাস।
হঠাৎ স্তব্ধ অন্ধকারে একবিন্দু আলোর রেখা
ওই বুঝি যায় দেখা !
নিঃস্তব্ধ শূন্যতার অজ্ঞাত গহ্বরে
প্রাণে আশার সঞ্চার পুনঃজাগরিত করে।
না! এ কোন আলেয়া নয় !
বাস্তবের মাটিতে একটু একটু করে এগিয়ে আসে
ক্রমশ বড় হতে থাকা আলোক বিন্দু।
দেবদূতের মত এগিয়ে আসা ট্রাকে
এগিয়ে আসে সাহায্যকারী দল হ্যাজাক হাতে ।
বাচ্চা বুড়ো সবাই ঝাঁপিয়ে পড়ে সাহায্যের আশায়,
প্রাণের মায়া যায়না যে ছাড়া, তখনই বোঝা যায়,
সব শূন্যতা পূর্ণ করে হোক মানবতার জয়।
