এক দ্বীপ দুব্বোর সবুজ গন্ধে মাখা মাটির মমতা
আর দগদগে সময়ের পুঁজ যন্ত্রণা
মাঝামাঝি ব্যালেন্স রাখছি রোজ
টাল খেয়ে বিকেল বেঞ্চে এখনই যাবো না
চারিদিক ঘিরে আছে প্যাচপ্যাচে পাঁকের পুকুর
ভোরের জানালা খুলে পদ্মের প্রতিভা পাবার আশায়
এক পরম হাঁসের শ্বাস ভিক্ষা করে চলি
পরমা প্রকৃতির কাছে চুম্বকের মতো
আহত শতাব্দীর অসহ্য ক্ষত দেখে
লজ্জায় মুখ ঢাকে বীজাণু সভ্যতা
পৃথিবীর শেষ রোদ ডুবে গেলে
আবারও নিতে হবে ফুটিফুটি ফোটার প্রস্তুতি
আলুনী সৃজনের সেরা অপচয় জেনেও
আমার সীমিত বোধের পান্ডুলিপি লিখি হরপ্পা আঁধারে
শুরুর স্বপ্ন শ্রমে স্বাদু নুন ঢেলে যেও সাগর মন্দার
