সময়ের গতিতে ভেসে যাওয়া নগর কীর্তন
হাওয়াকে কখনো বেঁধে রাখতে পারেনি ,
দয়াহীন সময় তাকায় না পিছন ফিরে,
দুর্বার আকর্ষণে ইতিহাস সাক্ষী রেখে
এগিয়ে চলে মহাকালের স্রোতে-
আলোছায়াকে হেলায় পশ্চাৎ এ ফেলে।
লোক চক্ষুর অন্তরালে দমিয়ে রাখা
একান্ত অনুভূতি গুলো,
স্বপ্ন ভাঙা কালো ভবিষ্যতের অতলে
চাপা পড়ে হারিয়ে যায়,
কোনও এক অজানা নির্জন কবরে !
স্ফুরিত বেদনা নীরব কান্নার মত সহজাত,
সময় বুঝে ধরা দেয় খোলস ভেঙে
কৃষ্ণপক্ষের চাঁদের মত!
এরই মাঝে সময়ের কালস্রোতে
চলে অবাধে দাবিদাওয়ার বিকিকিনি!
তীক্ষ নজর রাখে শুধু হিসাবের অঙ্কে
হয়না যেন কোথাও এক ছিটেফোঁটা ভুল ।
স্বার্থের দম্ভে শুধুই কাটাকুটির খেলা ,
শিরদাঁড়া কখন যেন বিকিয়ে যায় !
দর্শকের আসনে মহাকাল ,
কবিতায় থাকে শুধু কবির ব্যর্থ আর্তনাদ
সাথে ভুলে ভরা সভ্যতার অভিশাপ।
