শেষ ট্রেনের বাঁশীটা বোধ হয় বেজে গেছে,
যেতে হবে আমায় দূরে বহু দূরে……
আমি জানিনা তার ঠিকানা এখনো,
হয়তো পৃথিবীর শেষ প্রান্তে ,চরাচর যেথা মিশে আছে,
হয়তো বা ভূলোকের হারিয়ে যাওয়া ঠিকানায়।
আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, পৃথিবীর কাছে…..
বসুন্ধরা তাই যাবার জন্য ডাকছে ইশারায়।
জন্ম তো আমার আদিম রিপু কামনায়,
নিজের ইচ্ছায় কোন শর্ত নিয়ে আসিনি এ ধরায়,
তবুও মনুষত্বের বিচারে কিছু কর্তব্য বর্তায় ।
কি দিয়েছি আমার এই প্রিয় মহীকে ?
অবদান আছে কতটুকু !
পেরেছি কি পথশিশুদের আপন করে নিতে ?
ওই যে রাস্তার ধারে বসে পাগলিটা….
সব ভুলে যাওয়া স্বামী সন্তান সংসার গৃহহারা…..
কি দোষ ছিল তার…. কণ্ঠে ছিল শুধু প্রতিবাদ ।
মিথ্যা রাজনীতির শিকারে চিরতরে হারিয়ে যাওয়া
পুত্র শোকে, দাওয়ায় বসে মা অপেক্ষায় ,
শূন্য দৃষ্টিতে তাকিয়ে ছেলের বাড়ি ফেরার আশায় ।
সমাজের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে জ্বলন্ত সমস্যা !
পারিনি সামিল হতে, পারিনি তাদের সাথে একাত্ম হতে….
শুধু চারিদিক ঘেরা, স্বার্থ আর চমকের রাজনীতিতে ।
অনেক তো দেখলাম,জানলাম , বুঝলাম কতটুকু
সে হিসাব এখন আর খুঁজিনা।
সব যেন ধোঁয়াশায় মিশে আছে, ঝাপসা দৃষ্টিতে
সিঁড়িভাঙ্গা অঙ্কের হিসাব বড় গোলমেলে !
পেয়েছি কতটুকু দিয়েছি তার বেশি ….নাকি
দিয়েছি কতটুকু পেয়েছি তার চেয়ে ঢের বেশি।
ভাববেননা পালিয়ে বাঁচছি,
স্বীকার করছি , জীবনের রংমিলান্তির খেলায়
ব্যর্থ এক নাগরিক আমি আজ।
হতাশার যুপকাষ্ঠের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি ,
শেষ ট্রেনের বাঁশীটা আবারও বাজল বোধহয়।
