চেষ্টা করলেও টানা-পোড়েনের আজন্ম প্রেম
মুমূর্ষু নক্ষত্রের চোখেও গোপন করা যায় না ।
মুহুর্মুহু মনের মাকুতে লাগাম পরালে
কে ফোটাবে উষর জীবনের উর্বশী বনে
বালুচরী স্বপ্ন মুকুল !
তার চেয়ে টেনে রাখো , মেনে নাও
যতটুকু পারো আশাতীত সহবাসে
মনে মনে মেঘের সঞ্চার ।
হোক না অবৈধ সুখ ,
নিজস্ব নির্জনে একান্ত মানসের মুখ ।
যদিও প্রকৃতির অভিধানে অবৈধ শব্দ নেই কোনও ।
উভয়ে সম্মত তাই
বৃষ্টির এলোচুলে নির্ভয়ে বিলি কাটে বিদ্যুৎ প্রবর ।
শুধু ফুটিফুটি সম্মতি পেলে ,
তোমার শাশ্বত টানাপোড়েনের আয়ত দু’ চোখে
আমার ঘুম – চোরা দৃষ্টির
শ’ মাইল শিকারা ভাসাবো ।
