আয় প্রিয়ে আয়,হাতে হাত ধরে রচি
দুজনে চারু আনন্দলোকের সুখের ঘর,
যেখানে তুই হবি বউ আমি হবো বর।
অনুরাগের ছোঁয়ায় শর্ত বিহীন যুগল অঙ্গীকারে
আয় প্রিয় গড়ে তুলি ভালোবাসার রঙে রঙিন প্রেমের ছাউনি ইমন রাগে ।
সেখানে কনেদেখা আলোয় বৃষ্টি ধোয়া
নিরুচ্চার শব্দগুলো খেলবে স্ট্যাটাস মেঘের সাথে,
নিয়মের ঔরসে জন্ম নেবে এক ভাস্বর নদী ।
যে নদীতে অবগাহন করে
উজ্জ্বল হয়ে উঠবে যুগলের প্রেম কাহিনী।
ছায়াঘেরা ছাউনির আড়ালে
দুচোখ ভরে দেখব আকাশ,
দেখবো
জ্যোৎস্না রাতের মায়াবী চাঁদের খেলা
অবাধ্য মেঘের সাথে।
তারা খসার দৃশ্যে পুলকিত মনে দুহাতে তা নেব তুলে,
তুই যেন আবার পথ ভুলে যাসনা ওদিক পানে!
তোর জন্য আমি যে রেখেছি আমার
জীবন বাজি,
তুই চাইলে শেষ রক্ত বিন্দুতে অনায়াসে
নিজেকে বিসর্জন দিতে পারি।
হৃদয়ের অলিন্দ ভিজিয়ে সজল বর্ষা যখন নামে
আমি ঘাসের বুকে শিশির বিন্দুকে খুঁজি ,
যে পথে তুই ঠোঁট ফুলিয়ে অভিমানে হেঁটে যাস তোর গোঁসা ঘরে
আমি খুঁজি সেথা তোর পায়ের জলছাপ ।
জানি আমার প্রেম তোর কাছে
ছেঁড়াকাঁথার ভালোবাসা,
তবুও চুম্বকের মতো আটকে গেছি প্রেমজ্বরে,
থাকবনা যেদিন আমি,জানবি সেদিন-
শুধু বেঁচেছিলাম,বাঁচতে চেয়েছিলাম কেবল তোরই জন্য।
