সময়ের ক্যামেরা চলছে…
লংশটে ওই যে বালক অনন্ত ভাঁড়ারে খুচরো জমাচ্ছে
পূর্ণ হলে খুলবে বলে
ক্লোজআপে ভুলে যাবে ঠিক কতো জমেছিলো
শুধু জমানোর স্মৃতি থেকে যাবে
একটার পর একটা দৃশ্য খরচ করে মিডশটে দাঁড়ালে
দুপুর হেলে পড়েছে কাঁধের উপরে
চরে বেড়াচ্ছে তাড়া তাড়া বিকেল ভরানো ঘাম
গাঢ় রঙের ছায়া -বারান্দায় বাসা বেঁধেছে
এক জবরজং পাথরের পাখি
সান্ধ্য পাখির চোখে অসমাপ্ত ওড়াউড়ির শুরুর ক্লোজশট
কখন রাত্রির কাল ঘুম আপাদমস্তক কাজগুলো
গিলে ফেলেছে টপাটপ
বালক জানতে পারলো না
সময়ের ক্যামেরায় বালকের বালিকা কন্যা
লংশটে আজও আবার জীবন জমাচ্ছে যে
