অর্ক দ্যুতির পরশ যখন
দিগন্ত ‘পরে ছায়,
ধরণীর হাসি প্রজাপতি হয়ে
পাখা মেলে উড়ে ধায়।
ফুলের বাগেতে কত বিচিত্র
রঙের ঝলক জাগে,
অলিকুল তায় গুনগুন সুরে
মধু আহরণে লাগে।
রবির কিরণ দিঘি মাঝে পড়ে
ঝিলিক লাগায় জলে,
মরাল মরালী কত সুখে সেথা
জলকেলি করে চলে।
ঠমকে ঠমকে বধূ দল যায়
নদী কূলে জল নিতে,
মিঠেল রোদের পরশ সোহাগে
ঘড়া ভরে সব মিতে।
দিন শেষে রবি গেলে চলে পাটে
গোধূলির নেমে আসা,
ক্রমে রাত নামে শোভা সব ঢাকে
আঁধারের খেলা পাশা।
