গাছ থেকে পাতাটা খসে পড়ল
সময় হলে সবকিছু এভাবে খসে পড়ে
খসে পড়ে জীবন যৌবন; আনন্দের প্লাবন
একদিন খসে পড়বে আমারও সবকিছু; সময় হবে যখন
সময়ের কাছে আমরা সবাই হেরে যাই
সময় হলে শরীর হতে চামড়া ও খসে যাবে
সময় হলে কমে যাবে চোখের জ্যোতি চোখ হতে
নিজস্ব জীবনে সমস্ত দুর্বলতা গুলো প্রকাশ পাবে সময় হলে
সময় বড় সত্য, একথা ভাবি নিত্য
যে সময়গুলো ফেলে এসেছি সেই সময় গুলো ফিরে আসে মাঝে মাঝে
মনের গভীরে কথাগুলো পায় গুরুত্ব
জীবনের; বর্তমান; ভবিষ্যৎ আমায় ভাবায় প্রতিনিয়ত
এক পশলা বৃষ্টি ও যেমন থেমে যায় সময় হলে
আমি তুমি, আমরা সবাই থেমে যাব এক সময় এমনি করে
কেউ মরে যাব, কেউ অমর হব, কিন্তু থেমে যাবো নিশ্চিত
থামা না থামার মন্ত্র একমাত্র সময়ের কাছেই আছে
সকল প্রাণীকুল সময়ের কাছে বড় দুর্বল হয়ে বাঁচে
এক্ষুনি খসে যাওয়া গাছের পাতাটি অনেক কিছু বলে দিয়ে গেল
গাছের মরা পাতাটাও আজ আমার শিক্ষক হয়ে থেকে গেল
চিন্তার বাক্সে কোন কিছুই অবজ্ঞায় ফেলে দেওয়ার নয়
অফুরন্ত জীবন ফুরিয়ে গেলে সবকিছুই মনের মনিকোঠায় প্রাধান্য পায়।
