বেহুলার ভেলা ভাসে গাঙুড়ের জলে,
মাথার উপরে ঘোরে বৃত্তাকারে চিল,
সোনার প্রতিমা আজ ব্যথা বিষে নীল।
লোহার বাসর ভাঙে কালের ছোবলে।
গলিত শবের দেহে পরজীবী দলে,
সহজেই খুঁজে নেয় রসের নিখিল।
জীবন্ত দেহ সে যে ভোগের দলিল,
লালসা মাখানো ঠোঁট রসে ছলছলে।
বেহুলা চলেছে বয়ে শব নিয়ে তার,
ধোপানী জেনেছে আজ বেহুলা নাচার।
উথাল পাথাল ঢেউ তট ভাঙে গড়ে,
পদে পদে দ্বন্দ্ব দ্বিধা অজ্ঞাত বিপদ,
ঘাটে ঘাটে ওৎ পেতে সন্ধানী শ্বাপদ।
বেহুলারা ভেসে যায় দূরে দূরান্তরে।
