শরৎ ঋতু বললো ডেকে
এই যে শ্রাবণ এবার যাও,
বিদায় বেলা জীমূত কালো
মেঘের রাশি সঙ্গে নাও।
অনেক দূরে আকাশ নীলে
ভাসবে ধবল মেঘের ঢেউ,
নদীর জলে কাশের ছায়া
দেখে কাব্য লিখবে কেউ।
হাওয়ায় দুলে জমির ‘পরে
লহর তুলে দুলবে ধান,
দোয়েল শ্যামা লেজটি তুলে
শীষ দিয়ে তায় তুলবে তান।
রবির সোনা আলোর ধারায়
করবে ভুবন আলোক স্নান,
শিউলি সুখে ঝরবে ভোরে
বাজবে বায়ে আগমনি গান।
