স্বার্থপরতার যানজটে আটকে থাকা জীবনের দিনলিপি,
বেলাশেষের নৈঃশব্দ্যময় দিগন্ত রেখায়
ছুটে চলে অসীমের পানে ।
অতীতের স্মৃতিলেখা নিয়ে উপবাসী মাঝি,
উদাসী হাওয়ায় নাওয়ের মাস্তুল হাতে।
মনের জ্যামিতি হাজার বিষন্নতা কাটিয়ে
পলাশের বৈভব খোঁজে আশাবরী রাগে।
শেষ বিকেলের অস্তরাগ চুপিসারে এসে
টুক করে ছুঁয়ে দেয় ভালোবাসার অনুচ্চারিত শব্দমালা,
শিরায় শিরায় লাগে ঘূর্ণিঝড়ের মাতন শেষ বেলা।
শেষ হয়েও হয়না যেন জীবনের অন্তিম গান,
নতুন করে বাঁচার তাগিদে ছুটে বেড়ায় প্রাণ ।
মধ্য দুপুরে একমুঠো সোনালী রোদ্দুর,
ছড়িয়ে দিয়ে যায় অনুরাগের পরশ উদাসী বাউল মনে,
প্রেমের আঙিনা আলোকিত হয় সানাই এর তানে।
সোহাগ শেষে ঊর্মিমালা আছড়ে পড়ে সমুদ্র তটে ,
রিনিঝিনি শব্দে জলনুপুর পায়ে তরঙ্গ নাচে।
খোলস ছেড়ে মুক্তো দানা দেখায় প্রেমের দিশা
প্রেমিক মন খোঁজে ঝিনুক যাতে মুক্তো আছে।
প্রেম বোঝেনা বয়স ঋতু চায় চির বসন্ত রাজ
নতুন করে হৃদয় তটে উদিত প্রেমের নবরাগ
