রাত্রির গভীর স্তব্ধতায় কথা নাড়েচাড়ে –
রাত্রির গভীরতায় আলো অন্ধকার
শুধু শূন্য করে দিয়ে যায়
দুচোখে পাতায় ক্লান্ত অভিসার…
দুঃস্বপ্নে পাখির মত উড়ে যায়
ক্লান্ত উদাসী হাওয়া
সারারাত স্তব্ধতার প্রহরে প্রহরে জেগে –
নদীটা জেগে জেগে ক্লান্ত হয়,
ভোরের আলো এসে ঝিকিমিকি চোখে
একবার আবার সে চেতনা ফেরায় ,
শিউলি বুকের আগোল খুলে ঝরে ঝরে পড়ে
সৌরভে ফিরে আসে অলি
জেগে ওঠে জীবন চক্রের অলি গলি …
রাত্রির গভীর স্তব্ধতায় শুধু কথা নাড়েচাড়ে
প্রবীণ মানুষের সারারাত জাবর কাটার শব্দ …
