আমার এলানো সময়ের প্রতিটি অঙ্গের অন্ধকার জট জ্বেলে
আলোর বিনুনি বাঁধার চেষ্টা করি রোজ ।
মধ্যমেধা জীবনের জিনে কেবলই খুঁজে চলি
এক দুর্জয় অশ্বমেধ ঘোড়ার সঞ্চয় ।
সাধ্যাতীত শ্রমে যতই আদার জাহাজে ভরি ব্যাপারির শ্বাস
অপুষ্ট ভাবনা বন্দর ছাড়ে অতৃপ্ত ঢেউয়ের কঙ্কাল !
নিতান্তই সাধারণ পদাতিক মনে
বিষম বিষাদ বুনে কোথা গেলে , তমসা নিষাদ ?
আমি যে অক্ষর ক্ষেতের শয্যায় শুয়ে
অসফল ফসলের জ্বরে ভুগে রত্নাকর সুখও ভুলেছি !
উর্বর সীতাপথে আর আগুনের পাতাল পরীক্ষা পেতো না
আমাকে ফেরাও শান্ত সরযূর সাংসারিক সাঁতারের স্মৃতি , বাল্মীকি ।
