জীবনের পথে পরম বিয়োগ ব্যথায়
ঘড়া ঘড়া শোক কান্নার নদী হয় ,
পৃথিবীর শোকে কন্ঠের নীল কবি
ব্যক্তি বিষাদ বয়ে চলা আর নয় ।
শব্দেরা চেয়ে তোমার কবিতা হতে
অনশনে বসে’ শীর্ণ করেছে দেহ ,
ভাবনার রস মুখে দিলে চনমনে
কবির অসুখে ওষুধেরও সন্দেহ !
কবিতার দাবি পূরণ করতে কবির
ঝরে যায় আয়ু কবরের নালিঘাসে ,
কবি কী শুধুই কবিতার আত্মীয় ?
কবিও কী নেই সামাজিক প্রশ্বাসে !
আহত কবিও শুশ্রূষা চায় ক্ষতে
সময় কী দেবে মাধুকরী , অবসর ?
কলমের ঠোঁটে জমা হোক অক্ষর
সৃজনের স্নানে দুয়ো মেঘও ঝরঝর ।
