ও আমার দুব্বোঘাসী কোমল ছায়ার দখিন দুয়ারী আলো
তোমার আশীর্বাদি আশ্রয়ে আমার প্রণম্য প্রশ্বাস ।
আমি ডুবে যাচ্ছি তোমার সরল বিশ্বাসের বিনম্র মায়ায় ,
আমাকে জড়িয়ে নাও তোমার নাতিশীতোষ্ণ নয়ন পাতার পথিক চুম্বনে ।
তোমার ভিতরে গিয়ে আমি লিখতে চাই
গোপন গালিচায় ঢাকা তোমার আসল কবিতা
যা তুমি আজও আগলে রেখেছো
এঁটেল মাটির মতো গ্রামীণ উপমার খিলে ।
কীভাবে বসন্ত ফুটে থাকে বারোমাস তোমার শরীরী বীণার বাগানে
আর গুনবতী মনের উপত্যকায় বয়ে যায় অগুরু চন্দনের নদী
আমি সেই রহস্য বাগান – নদীর মাঝে
একবার প্রেমের পেখম তুলে তোমাকে দেখাতে চাই ,
আর কিছু নয় ।
পুনশ্চঃ– আমার বকলমে স্বপ্নের মুকুরে দেখা এসব তোমারই
নিভৃত চাওয়ার দৃশ্য কোলাজ ,
জেগে উঠে মনে থাকবে তো !
