প্রিয়তমা সই নবীনা,
তোমার অপেক্ষায় দিন যে কাটেনা।
চৈত্রের অবসানে শিমুল পলাশ বিবর্ণ,
তপ্ত বাতাসে ঝরে পড়ে সব পর্ণ।
দিনভর ঝরা পাতার মর্মরিত সুর,
ভুবনকে করে তোলে যেন ব্যথাতুর।
বসন্তের ফাগ হয়েছে মলিন,
শুষ্ক দিন বৃষ্টি হীন বড়ই কঠিন।
কোকিলের কুহু কুহু ধ্বনি অবিরাম,
ডাকে কুবো কুব কুব নেই যে বিরাম।
শাল পিয়ালের কচি ফুলের মিঠে ঘ্রাণ,
মহুলের নেশায় মাতাল করা প্রাণ।
গ্ৰামে গঞ্জে শিবের গাজন উৎসব,
ত্রিশূল হাতে চড়ক মেলায় সন্ন্যাসীর কলরব।
ভাঁট ফুলে ছেয়ে যায় বন জঙ্গল,
শিব পূজায় সেই ফুল তোলে ভক্তদল।
আম্রকুঞ্জে মিষ্টি গন্ধে ভ্রমরের গুঞ্জন,
লিচু ফুলের সুবাসে আমোদিত মন।
বাতাবি ফুল ছড়ায় মনোমুগ্ধকর বাস,
মৌমাছি ঘুরে ফেরে গড়ে তার আবাস।
বেল ফুল জুঁই ফুল রজনীগন্ধা গন্ধরাজ,
একে একে প্রস্ফুটিত খুশিতে বিরাজ
এসো হে বৈশাখী আছি প্রতীক্ষায়,
সাদরে করব বরণ প্রিয়তমা তোমায়।
ইতি – তোমার সই।
