নদীও আগুন জ্বেলে ঘণ অন্ধকারে নিজেকে জ্বালায়
সূর্যের আলো মেখে
নদীও ভোর হলে স্নান করে
নারীর মত এলানো চুলে
আলোর গাউনে ঢুকে যায় –
ভেসে যায় দু কূল দাপিয়ে ভেঙে-গড়ে
দূর-দূরান্তের ঠিকানায় নিজেকে হারায়
নদীও নারীর মত প্রাণে
দুপায়ে ঘুঙুর বেঁধে বাজাতে বাজাতে
ধরিত্রীর আঙিনায় সন্তানের মুখে স্তন গুঁজে
নিজেকে ফুলের মত ঘ্রাণে
উন্মুক্ত হৃদয়ে শুধু ভেসে যাও…
ও নদী – তুমি কলুষিত মানুষের লোভ- ক্ষুধা ধুয়ে
ক্ষুধার্তের মুখে অন্ন- জল তুলে
আমার হৃদয়ে আরো আলো দাও …
