এবার আর উৎসব কার্নিভাল নয়
চল যাই দ্রোহের কার্নিভালে,
তোলা থাক উৎসবের আনন্দ মেজাজ
পরেরবার না হয় সেসব হবে।
কলঙ্কে নিমজ্জিত এই পঙ্কিল সমাজের
পরিশোধন কাজে ব্রতী হয়ে
পথে বসে আছে যারা আমরণ অনশনে,
চল যাই সেই বিদ্রোহী যুবাদের পাশে।
না– ঘরে বসে কোন কথা নয়
নয় শীততাপ নিয়ন্ত্রিত টিভির পর্দায় ভাষণ।
অনেক হয়েছে এসব
ডাক এসেছে নিদ্রিত সমাজে গণ জাগরনের।
বিচার চাই, তাই আর দেরি নয়
শাসক শোষিত একযোগে–
পথে এবার নামো সাথী অত্যাচারীর সাহস রোধে
অন্যায় অবিচার, দুর্নীতির শেকড় উপড়াতে।
সব দেখেও না দেখার ভানে অন্ধ ধৃতরাষ্ট্র
দুর্যোধনের হাতে ক্ষমতার রাশ,
নারীর ভূষণ বস্ত্রহরণ আর কোন দ্রৌপদীর
না হয় যেন ভরা সভাস্থলে।
হে গোবিন্দ দেখা দাও রক্ষীসখা রূপে
করো বিনাশ অশুভ অপশক্তির,
মানব চেতনে জাগাও মানবিকতা বোধ
চিরসত্য সুন্দরে দেখাও পথ মুক্তির।
