তুমি যখন প্রথম দিলে ধরা
বনে বনে উঠল বেজে জয়ের শঙ্খ ধ্বনি
যখন তুমি খুলে দিলে তোমার মাথার মণি
জয়ধ্বনি জয়ধ্বনি গাইল সকল পাখি –
এতো আলো এতো আকাশ কোথায় এনে রাখি !
-যখন এলো প্রথম জয় ধ্বনি
তুমি তখন প্রথম গেলে ছুঁয়ে
হৃদয় তখন পড়ল নুয়ে
যেমন করে পাহাড় চূড়ার ঝরনা নামে
পাহাড় পদমূলে
তখন তুমি উদ্বেলিত মরমি সন্ত্রাসে
আমি মুগ্ধ হলাম –
মুগ্ধতার শিউলি ধোওয়া সকাল
উজাড় করে নিয়ে গেল
উজান হাওয়া তুলে
তুমি যখন প্রথম গেলে ছুঁয়ে
পাঁচ দশক পেরিয়ে গেল কেমন করে যেন –
অনেক কথা হয়নি বলা হয়নি শোনা আজও
আগামী দিন আবার যেন নতুন করে আসে
তোমার তালে তাল মেলাতে তোমার সুরে সুর ,
আবার যেন রঙিন হয়ে আসে মধুর মাসে…
