ভালোবাসার কাঙাল মোরা
ঘরে বাইরে খুঁজি তাই,
আঘাত পেয়ে মন যে শক্ত
মনুষ্যত্ব দেখাও ভাই।
জীবপ্রেমের শক্তি অপার
পরিশ্রমের পাবে ফল,
পশু পাখির সেবা করো
দিনের শেষে চোখে জল।
অনুভূতি বিষম বস্তু
রক্তে রক্তে দোলা দেয়,
ওদের করুণ দৃষ্টি জানায়
ভালোবাসা বুঝে নেয়।
পাহারাতে লেজটি নাড়ায়
মাথা নাড়ে খুশির জোর,
শিহরণে তোমার দেহ
বুঝতে পারে মায়ার ডোর।
কীট পতঙ্গ পশু পাখি
ভালোবাসার বিশেষ জন,
আষ্টে পৃষ্টে বেঁধে রাখে
তাদের প্রতি সজাগ মন।
