দুঃসময় যখন চারিপাশে ঘিরে ধরে
সবাই ছেড়ে চলে যায়,
এমন কি অন্ধ পেঁচাটাও তখন
আসেনা আর ধারে কাছে
পালায় ভয়ে।
পাছে অশনি সংকেত ভর করে তার ঘাড়ে!
এড়িয়ে যায় স্বপ্নের বলাকা,
উড়ে বেড়ায় ঘুরপথে শুন্যলোকে,
ধরা ছোঁয়ার বাইরে।
দিশাহারা নিঃসঙ্গ একাকী আত্মা
গুটিয়ে নেয় নিজেকে, শামুকের খোলে।
অট্টহাসিতে ফেটে পড়ে দুরাত্মা
উঁচিয়ে বিজয় রথের পতাকা ,
ছুটতে থাকে অশ্বমেধ ঘোড়ায় চড়ে
সাময়িক উচ্ছ্বাস আর জয়ের আনন্দে।
পশ্চাতে পড়ে থাকে ধ্বংসের লীলা ক্ষেত্র,
কেউ জানেনা, এরপর কি হবে-
একদিন উদগ্রীব উৎকণ্ঠায় কেটে যাবে আঁধার ,
আশার আলো দেখা দেবে আবার
চক্র বৃত্তের শেষ বিন্দুতে।
ধ্বংসের শেষে নতুন বীজের অঙ্কুরোদগমে
প্রাণের কলি জেগে উঠবে,অসীম এই ভুবনের রন্দ্রে রন্দ্রে নব আলোকের স্পর্শ নিয়ে।
জেগে উঠবে ধরণী নতুন উদ্যমে,
প্রাণের স্পর্শে সহস্র কলকাকলিতে ভরে উঠবে ধরাতল স্মিত হাস্যে ।
