ভেঙে যাবে সময়
ভেঙে যাবে হৃদয়
ভেঙে যাবে সম্পর্কের সব বাঁধন,
শিক্ষকের সহিত ছাত্রের সম্পর্কের মিষ্টতা ভেঙে যাবে
ভেঙে যাবে পিতামহের সহিত নাতি-নাতনীর সম্পর্কের নৌকো;
ভেঙে যাবে বাবার সাথে সন্তানের সৌহার্দের সমন্বয়;
ভেঙে যেতে যেতে থেমে যাবে একদিন-
মায়ের দুধের সাথে সদ্যোজাত শিশুর আনাগোনা,
ভেঙে যাবে একদিন মায়ের আঁচল ধরে চলা বাধ্য ছেলের গল্প।
ভেঙে যেতে যেতে থেমে যাবে একদিন-
সন্তানের প্রতি বাবা-মায়ের সকল দায়,
দায়সারা সমাজে একদিন ভেঙে যাবে সকল সম্পর্ক।
ভেঙে যেতে যেতে থেমে যাবে একদিন
মাতৃসম বৌদির স্নেহের আশ্রয় নিতে চাওয়া
ব্যর্থ প্রেমিক বা কষ্টে কাতর সরল দেবরের ভাষা,
থেমে যেতে যেতে ভেঙে চুরমার হয়ে যাবে একদিন
অগ্নি সাক্ষী আর শুভদৃষ্টির সকল অনুভূতির সংকল্প
একদিন স্বামী-স্ত্রীর সম্পর্কটা-
থাকবে দাড়িয়ে একটি মস্ত সন্দেহের কাঁটাতারে।
ভেঙে যেতে যেতে পুড়ে ছাই হয়ে যাবে একদিন
ননদ আর বৌদির গোপন আলাপের বাহার,
ভেঙে যেতে যেতে ভেঙে শ্মশান হবে শাশুড়ি বৌমার যৌথ রান্নাঘর
থেমে যাবে একদিন সব সম্পর্কের বিচার।
বাবা; কাকা; মামা; জ্যাঠা; আছে যত সম্পর্কের বান্ডিল
আসছে এক ভয়ানক প্রজন্ম, সেখানে এগুলো হবে অমিল,
নতুন প্রজন্মের কাছে নেই এই সম্পর্কের বিশ্লেষণ-
নেই মা; মাসি; মামি; কাকি; ঠাকুমা; দিদিমার সম্পর্কের ভিন্ন ভিন্ন স্বাদ
ভারতীয় সংস্কৃতি গেছে ডুবে বহু আগে
এসেছে ইউরোপিয়ান কালচার তাই নিজেদের সংস্কৃতির পুরোটাই বাদ।
ভেঙে যাবে সময়
ভেঙে যাবে হৃদয়
এমন একদিন আসবে।
থাকবে না মানুষের মনুষ্যত্ববোধ,থাকবে না হুঁশ
সম্পর্ক নামক থাকবে একটাই পরিচয় নারী আর পুরুষ।
