এই যে নাজুক লুকোচুরির ছড়ে বীজ আর অঙ্কুরের মতো
বেজে যাচ্ছি ছুঁই ছুঁই জুঁই মনমীড়ে
প্রশ্ন আর উত্তরের চন্ডীমন্ডপ চালা সম্পুর্ণ খুলে ,
টান টান এই চাওয়া কম পাওয়া বলো !
পাল – হাওয়া , মেঘ – রোদ , অসুখ – ওষুধ…
ইত্যাকার হাটখোলা উপমার মতো প্রকাশ্যে নয় ,
জীবনের খাঁজে খাঁজে নিগূঢ় আড়াল পেতে
ভীতু মরণের ল্যাজে লোমে স্বপ্নের সুড়সুড়ি দিয়ে
সমূহ সাংসারিক দ্বারে খিল খিল খিল তুলে
এই যে বিজন প্রেমের যৌবন পান করেই চলেছি , ঈভ
এর চেয়ে অনাবিল বল্কল আনন্দ আর কীসে পাবো বলো !
অশালীন ভিড়ের যন্ত্রণা ভুলে
নৈঃশব্দের নালে ডুবে
এই যে নিজস্ব মনের নিবিড়ে মন
চুপছাপ হাই-হীন পরাগমিলন ,
এই কী কম জানা হলো !
